News Trends of India

বিজেপির বুলডোজার প্রার্থীর গ্রামে ছুটল তৃণমূলের সবুজ সাথীর সাইকেল

Azizur Rahaman
Azizur Rahaman/
৯৪জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
Share:
বিজেপির বুলডোজার প্রার্থীর গ্রামে ছুটল তৃণমূলের সবুজ সাথীর সাইকেল

বুলডোজার নিয়ে মনোনয়ন দিতে যাওয়া বিজেপি প্রার্থী রাজু পাত্রের গ্রামে সবুজ সাথীর সাইকেল চালিয়ে প্রচার করলেন তৃণমূল প্রার্থী অলোক মাঝি। বুলডোজারের পাল্টা সাইকেল নিয়ে প্রচার করার ছবি দেখা গেল পূর্ব বর্ধমানের গলসি বিধানসভার উচ্চগ্রাম গ্রামে। কার্যত রাজু পাত্রের বাড়ির সামনে দিয়েই সবুজ সাথীর সাইকেল চালিয়ে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী অলোক মাঝি। তিনি বললেন, ‘আমরা ভাঙতে চাইনা। আমরা গড়তে চাই। উন্নয়ন করতে চাই। উনি উনার দলের আদর্শ নিয়ে কাজ করছেন। আমি দিদির আদর্শ নিয়ে কাজ করি। আমাদের দিদি সবার পাশে থাকার বার্তা দেন।’

পাশে থাকা গলসি ১ ব্লকের জেলা সংখ্যালঘু সেলের সভাপতি ও প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেন বলেন, ‘মানুষের কাজ করতে বলেন, আমরা বুলডোজারের রাজনীতি করি না। আমরা উন্নয়নের রাজনীতি করি, সম্প্রীতির রাজনীতি করি।’ জাকিরের  দাবি, বিজেপি প্রার্থী রাজুর তার গ্রামেই একটি ভোট নেই। উনি আগে গ্রাম ঠিক করুন, তারপর বিধানসভা নিয়ে ভাববেন। আমাদের প্রার্থী অলোক মাঝি পাঁচবছর আগে গলসির বিধায়ক থাকাকালীন বহু উন্নয়ন করেছেন। আবার ৪ঠা মে জিতে এসে বাকি থাকা কাজ সম্পন্ন করবেন।’

বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূল কর্মীদের নিয়ে প্রচারে নামেন জেলা সংখ্যালঘু সেলের সভাপতি মহম্মদ জাকির হোসেন। সঙ্গ দেন গলসি ১ নম্বর ব্লক যুব সভাপতি রহমত মোল্লা, ব্লক আইএনটিটিইউসি সভাপতি বাপ্পাদিত্য রায়, ব্লক সহ-সভাপতি দোলন দত্ত এবং অঞ্চল তৃণমূল সভাপতি নিখিল রায়, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চ্যাটার্জ্জী -সহ অন্যান্য নেতৃত্ব।

ব্লক তৃণমূল যুব সভাপতি রহমত মোল্লা বলেন, ‘মহিলা ও যুবক ভাইয়েরা মিলিত হয়ে মিছিল করেছি। ব্যাপক সাড়া পেয়েছি। রাজুর বাড়ির পাশ দিয়ে সাইকেল চালিয়ে গিয়েছি। এখানকার মানুষ বুলডোজার চায় না, উন্নয়ন চায়—যা আমাদের সরকার বিগত দিনে করেছে, আবারও করবে।’