News Trends of India

মনোজ আগরওয়ালের কাছে নাম তোলার আর্জি বেলডাঙায়

Bidyut
Bidyut/
९२बार देखा गया
अपडेट सोमवार, 13 अप्रैल 2026
Share:
মনোজ আগরওয়ালের কাছে  নাম তোলার আর্জি বেলডাঙায়

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ জেলায় এসে বুথে বুথে মানুষকে বরাভয় দিতে শনিবার মুর্শিদাবাদে এসেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। দুই পুলিশ জেলার পুলিশ সুপার, জেলাশাসককে নিয়ে বৈঠক করেন তিনি। এদিন জেলার বিভিন্ন এলাকাও পরিদর্শনে গিয়েছিলেন। এমনকি রক্তপাতহীন ভোটের পরিবর্তে উৎসবের মেজাজে ভোট হবে বলেও এদিন জানিয়েছেন মনোজ।

ভোটার তালিকা থেকে নাম মুছে গিয়েছে। আদালতেও কি তার নিষ্পত্তি হবে? তাই নিয়ে ঘুম উড়েছে মুর্শিদাবাদ জেলাবাসীর। ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনীর ফলে সব থেকে বেশি এই জেলার নাম মুছে গিয়েছে তালিকা থেকে। সংখ্যাটাও নেহাত কম নয়। ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জন।

বেলডাঙায় মাস কয়েক আগে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে জ্বলেছিল দোকানপাট,নষ্ট হয়েছিল সরকারি সম্পত্তি। এই বেলডাঙাতেই ৫ হাজার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে বলে জানা যায়। সেই বেলডাঙার বুথে বুথে এদিন ঘুরেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেখানে গিয়ে সাধারণ মানুষের ও মুখোমুখি হয়েছিলেন সিইও। বেলডাঙায় এক বাসিন্দা তাসলিমা বিবি তাঁকে বলেন, ‘ নথি থাকা সত্ত্বেও ভোটারের নাম মুছে গিয়েছে। ওই নামগুলো যাতে তালিকায় তোলা হয় তার ব্যবস্থা করুন।” তাঁকে মনোজ বলেন, ” এটা বিচারাধীন ব্যবস্থা। যাঁদের নাম বাদ গিয়েছে তারা আবেদন করলে উপযুক্ত নথি থাকলে আবার নাম ফেরত পাবেন।”

এদিন দলীয় প্রার্থীর প্রচারে বেলডাঙায় সভা করতে এসেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ” মা, মাটির সরকার প্রতিষ্ঠা হওয়ার একমাসের মধ্যেই আপনাদের নাম ভোটার তালিকায় উঠে যাবে।” তিনি তাঁর সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেছেন, ‘কষ্ট করে হলেও লাইনে দাঁড়িয়ে ভোটটা দেবেন।’

মনোজ আগরওয়ালের কাছে নাম তোলার আর্জি বেলডাঙায় | News Trends of India