News Trends of India

লালকেল্লায় মোদীর জিএসটি বার্তা। সঙ্গে দীপাবলিতে ‘ডবল’!

Manash Biswas
Manash Biswas/
६३बार देखा गया
अपडेट शुक्रवार, 15 अगस्त 2025
Share:
লালকেল্লায় মোদীর জিএসটি বার্তা। সঙ্গে দীপাবলিতে ‘ডবল’!

জিএসটি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। খুব শিগগিরই এই এক দেশ এক কর ব্যবস্থার সংস্কার করা হবে। দেশজোড়া এসআইআর বিতর্কে, সাধারণ মধ্যবিত্ত আর প্রান্তিক দরিদ্র মানুষ যখন আতঙ্কিত, তখন ৭৯তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে, এভাবেই অন্য এক স্বস্তির বার্তা দিতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার সকালে ঐতিহাসিক লালকেল্লার প্রাকার থেকে প্রথামাফিক ভাষণে জিএসটি সংস্কারের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রীর দাবি—


“আমরা পরবর্তী প্রজন্মের সংস্কারের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছি। এখন সময় এসেছে জিএসটি-র হার পুনর্বিবেচনা করার। করের বোঝা উল্লেখযোগ্যভাবে কমানো হবে, দাম কমবে। এতে উপকৃত হবে সাধারণ মানুষ।”


এখানেই শেষ নয়। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে মোদী আরও জানান, এই দীপাবলীতে “ডবল দীপাবলি উপহার” আসছে। আর তা হল, দেশের যুবসমাজের জন্য ১ লক্ষ কোটি টাকার ‘প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনা’। এই প্রকল্পের আওতায় বেসরকারি খাতে প্রথম চাকরি পেলে প্রত্যেক যুবক-যুবতীকে ১৫,০০০ টাকা করে দেবে সরকার। এদিন প্রধানমন্ত্রী জানান তার এই প্রকল্পের মূল লক্ষ্য হল ৩.৫ কোটি যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা। প্রধানমন্ত্রী দাবি করেন, এই প্রকল্প চালু হলে কর্মসংস্থানের সুযোগ তো বাড়বেই, একইসঙ্গে বেসরকারি ক্ষেত্রে নিয়োগের হারও বাড়াবে।


প্রসঙ্গত, আগামী নভেম্বর মাসে বিহারে বিধানসভা নির্বাচন হবে। এরপর ২০২৬ সালে পশ্চিমবঙ্গ সহ আরও কয়েকটি রাজ্যে নির্বাচন হবে। ইতিমধ্যেই স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে যেভাবে বেকারত্বের পরিসংখ্যান রেকর্ড ছুঁয়েছে, সেই তথ্যকে সামনে রেখে গত একবছরে বারবারই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছে, দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল। তাঁদের মুখে বারবারই শোনা গেছে, বছরে দু’কোটি চাকরির সেই পুরনো প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে শুক্রবার স্বাধীনতা দিবসের ভাষণে যুবসমাজ তথা আগামী প্রজন্মের আস্থা অর্জন করতে, জিএসটি এবং কর্মসংস্থানের নতুন বার্তা দিলেন নরেন্দ্র মোদী।

লালকেল্লায় মোদীর জিএসটি বার্তা। সঙ্গে দীপাবলিতে ‘ডবল’! | News Trends of India